হোম > সারা দেশ > দিনাজপুর

চুরির অভিযোগে যুবককে মারধর, রক্ষা করতে গিয়ে চাচাতো ভাই নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে রুহুল আমিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন অম্রবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির একটি গরু গোয়াল থেকে ছুটে যায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাঁকে আটক করেন। পরে তাঁকে অম্রবাড়ী নাউয়ার মোড় এলাকায় নিয়ে গরু চুরির সন্দেহে মারধর করা হয়।

এ সময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন মারধরের প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক পেটানো হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আরও চারজন আহত হন। তাঁরা হলেন অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে মহিন আলী (২০), একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) এবং তাঁর ভাই রাশেদ ইসলাম (৩০)। আহত ব্যক্তিরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সরেজমিন দেখা যায়, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সন্দেহে অম্রবাড়ী এলাকায় স্থানীয় কয়েকজন রুহুল আমিন নামের এক ব্যক্তিকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ এখনো এলাকায় পৌঁছায়নি। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তরুণদের শুধু চাকরি নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

‘গমের আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে’

ফুলবাড়ীতে বউ মেলায় ক্রেতা শুধু নারী, ঢুকতে পারেননি পুরুষেরা

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে পিটুনিতে শিক্ষক নিহত

বিরামপুরে শীতের সবজির দাম কমেছে

জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ এখন শুধু নামেই

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩