রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টার সময় সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটকের পর তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮) নামের তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মিরপুর মডেল থানার একটি টহল দল মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে দায়িত্ব পালন করছিল। এ সময় তারা একটি সংঘবদ্ধ চোর চক্রকে চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করে মিরপুর-১০ কেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তাঁদের চুরির কৌশলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পুলিশের দাবি, চক্রটি সুযোগ বুঝে চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ কেটে বা টেনে নিয়ে দ্রুত সটকে পড়ত। এ ধরনের অপরাধ ঠেকাতে নজরদারি বাড়ানোর অংশ হিসেবে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।