রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন, অবিস্ফোরিত ককটেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৯৪, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫০, গুলশানে ৬২ ও উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া ডিবি তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে ১ হাজার ১২১টি ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি অ্যান্টি-কাটার, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।