দেশের প্রায় ২৮ শতাংশ তরুণ বছরে অন্তত একবার নিয়মিত রক্তদান করলে দেশে আর রক্তসংকট থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রাজধানীর আইডিইবি ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের সার্বিক রক্তচাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদাতাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বেচ্ছা রক্তদাতারাই মানবিক বাংলাদেশ নির্মাণের পথপ্রদর্শক।
এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, দেশপ্রেম শুধু আবেগ বা স্লোগানের বিষয় নয়; নিজের কাজ সততার সঙ্গে করা এবং দুর্বল, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই দেশপ্রেমের বাস্তব প্রকাশ।
অনুষ্ঠানে ৩ থেকে শুরু করে ৫০ বার রক্তদান করেছেন—এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি তাঁদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।
বক্তারা জানান, সাড়ে পাঁচ লাখের বেশি রক্তদাতার সমন্বয়ে গড়া কোয়ান্টাম ল্যাব ২০০০ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮ লাখের বেশি মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে রক্ত ও রক্তের উপাদান দিয়ে সহায়তা করেছে।
আলোচকেরা কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সব স্বেচ্ছা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে দেশের রক্তচাহিদা পুরোপুরি মেটাতে তরুণদের স্বেচ্ছা রক্তদানের মানবিক সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।