হোম > সারা দেশ > ঢাকা

সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার বাহারুল

কলকাতা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী থানার সাময়িক বরখাস্ত হওয়া পরিদর্শক শেখ সোহেল রানাকে ভারত থেকে ফেরত আনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের দেওয়া তৃতীয় দফা চিঠির উত্তর দেয়নি ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোহেল রানাকে ফিরিয়ে আনার বিষয়ে টেলিফোনে কথা বলতে রাজি হয়নি দিল্লি। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে ভারতে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার মুরাদনগরের দরিকান্দি ইসলামাবাদ এলাকার বাসিন্দা একেএম বাহারুল। শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার (পূর্ব) শুভেন্দু কুমার সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারুলের চলাফেরা পুলিশের সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ঠিকানা পুলিশ তাঁর পাসপোর্ট থেকে জানতে পারে। জানা গেছে, তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় বাহারুল ভারতে আসেন। ৬ জুন তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। সেই মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, মেখলিগঞ্জ জেলে বন্দী সোহেল রানার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাহারুল। তার কাছ থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পরীক্ষা করছে পুলিশ।

গত আগস্টের মাঝামাঝিতে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার এসআই সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তার বোন ই-অরেঞ্জের অন্যতম মালিক সোনিয়া মেহেজাবিন ও বোনের জামাই মাসুকুর রহমান আত্মসমর্পণ করে কারাগারে আছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শেখ সোহেল বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান। ৩ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে পশ্চিমবঙ্গের কোচবিহারে তিনি গ্রেপ্তার হন।

রোববার ঢাকায় এনসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতে গ্রেপ্তার সোহেল রানাকে ফেরত চেয়ে এ নিয়ে তিন দফায় দিল্লিতে এনসিবিকে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর সোহেল রানাকে ফেরত চেয়ে তারা চিঠি দেন। এখনো কোনো উত্তর দেয়নি দিল্লি।

তাহসিফ সৌরির মৃত্যু: দীপের কথা এলোমেলো বান্ধবীকে ঘিরে রহস্য

বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচারব্যবস্থার জন্য অপরিহার্য

যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে

সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী হত্যা: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি

শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশালমিছিল

ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মিলল ৩ জনের মরদেহ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজ

১৪ বছরের সাজাপ্রাপ্ত শওকত আজিজের আত্মসমর্পণ, কারাগারে পাঠালেন আদালত

আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি