রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (২৭) নামের এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তিন দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম গ্রামের মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি ঢাকায় অবস্থান করে চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়ন করছিলেন। ২০২২ সাল থেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২৩ জুনের পর থেকে ফারার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনেরা ঢাকায় তাঁর বাসায় যান। বিকেল পৌনে ৫টার দিকে ফ্ল্যাটের ভেতরে তাঁর মরদেহ দেখতে পেয়ে শাহবাগ থানায় খবর দেন।
খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়।
থানার এই তদন্তকারী কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
একরামুল হক জানান, মৃত ফারা ফেরদৌস সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৩৯তম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস কোর্স করছিলেন। আজিজ সুপার মার্কেটের ওই কক্ষে তিনি একাই থাকতেন। তাঁর বড় বোন নাজুলা ফেরদৌস আজিজ সুপার মার্কেটের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। তিনিও চিকিৎসক। গত মঙ্গলবার বোন ফারা ফেরদৌসের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর আর কথা হয়নি।