রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদেরও সড়কে দেখা গেছে। আজ সোমবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে অবস্থান করতে দেখা যায় তাঁদের।
সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, ‘শ্রমিকেরা সকালে নামার চেষ্টা করেছিল, তবে তারা এখন কেউ নেই।’
এর মধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। গতকাল সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের সড়কে দেখা গেল।
এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে বুধবার (২৯ অক্টোবর) থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল রোববারও মিরপুরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান পোশাকশ্রমিকেরা। ওই ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
সংঘর্ষের পর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।