হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, ছেলের পর বাবারও মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে দেওয়া আগুনে এক নারীসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় সিদ্দিক ব্যাপারী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে তাঁর ছেলে ইমন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান সিদ্দিক ব্যাপারী। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ।

তিনি বলেন, সিদ্দিক ব্যাপারীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে রাজীব ১৫ শতাংশ, আরিফ ৮ শতাংশ ও তানিয়ার শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সুত্রাপুরের শ্যামবাজার চামাকটুলি এলাকায় পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলেন— সিদ্দিক বেপারী , তাঁর ছেলে মো. ইমন, ভাতিজা রাজীব (৩৫), ভাগিনা আরিফুর রহমান ধলু (৩৬) ও ভাগনি তানিয়া আক্তার (২০)।

জানা গেছে, শ্যামবাজারের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। ইমন শনিবার দেশে ফিরে আসেন। এর জেরে ইমন ঘটনার দিন বিকেলে পেট্রল ঢেলে ঘরে আগুন দেন। এতে তিনি ছাড়া তাঁর বাবা সিদ্দিক মেম্বার, দুই ফুফাতো ভাই মো. রাজীব ও মো. ধনু ওরফে আরিফ এবং চাচাতো বোন তানিয়া দগ্ধ হন। রাজীব ও ধনু দুজনই ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজশিক্ষার্থী।