ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে থাকা ৭ কলেজের বেসরকারি কর্মচারীরা চাকরি স্থায়ীকরণসহ ৪ দাবিতে মানববন্ধন করেছেন। আজ সোমবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সরকারি তিতুমীর কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে মানববন্ধনে শত শত বেসরকারি কর্মচারী অংশ নেন। রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনের সড়কে ‘সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে কর্মচারীরা জানান, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী রয়েছেন। এদের কেউ কেউ ২০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। তাঁদের বেতন কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের মাধ্যমে দেওয়া হয়।
তাঁরা বলেন, সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও কর্মচারীদের চাকরির বিষয়টি এখনো অনিশ্চিত। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তি আসনসংখ্যা কমিয়ে আনা হয়েছে। ফলে কলেজগুলোর আয়ও কমেছে। এতে কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কর্মচারীরা আরও বলেন, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে তাঁদের চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাভুক্ত করার দাবি জানানো হয়েছে।
তাঁরা উল্লেখ করেন, সরকার বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিও সরকারি কাঠামোর আওতায় এনেছে। কিন্তু বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা চাকরির নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।
মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় তিতুমীর কলেজে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন জানিয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।
চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ করতে হবে। তা সম্ভব না হলে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি না মানা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনের প্রচার সম্পাদক মো. পাবেল হোসেন বলেন, আমরা দীর্ঘ ১৮ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা দিয়ে আসছি। কিন্তু আজও আমাদের চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণ করা হয়নি। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সন্তানদের লেখাপড়ার খরচ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা ও পরিবারের ভরণপোষণে চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছি।
মানববন্ধনে ৭ কলেজের বেসরকারি কর্মচারীরা তাদের চাকরি স্থায়ী করণ ছাড়াও ছাঁটাই বন্ধ, সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তকরণ এবং স্থায়ীকরণের আগপর্যন্ত সরকার ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুসারে বেতন ভাতাদি প্রদানের দাবি জানান। দ্রুত এই ৪ দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।