ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রপক্ষের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী এবং সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান ফুয়াদ এবং উপদেষ্টা ব্যারিস্টার নাসিরিন সুলতানা মিলি।
প্রধান অতিথি তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় অর্জনে ছাত্রসমাজের ভূমিকা ঐতিহাসিক। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশ ছাত্রপক্ষ গত তিন বছরে শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে সংগঠিত ছাত্রসমাজই পরিবর্তনের প্রধান শক্তি।
উপদেষ্টা নাসিরিন সুলতানা মিলি বলেন, সচেতন, মানবিক ও নেতৃত্ব গুণসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলাই ছাত্রপক্ষের লক্ষ্য।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।