রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেন (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)। রোববার (৮ নভেম্বর) লালবাগের লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দুপুর ২টার দিকে লালবাগের ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বিপ্লবকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করেন আসামিরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।