হোম > সারা দেশ > ঢাকা

বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য নির্মিত প্রবেশগেট ও অস্থায়ী স্থাপনায় ভাঙচুর চালান শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সরিয়ে না নেওয়ার অভিযোগে আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দফায় দফায় তাঁরা মেলার প্রধান প্রবেশগেট ও অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন।

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন তাঁরা। মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে মেলার প্রধান প্রবেশগেট এবং বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সচিবালয় বর্তমান স্থান থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের ঘোষণাকে কেন্দ্র করে মেলার স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা। একই দাবিতে গতকালও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, মেলা সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ ও আয়োজকদের আগে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় পার হলেও মেলা গুটিয়ে নেওয়ার দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তাঁরা।

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য নির্মিত প্রবেশগেট ও অস্থায়ী স্থাপনায় ভাঙচুর চালান শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ মাঠটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ভবিষ্যতে সেখানে বাণিজ্যিক মেলা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা না করার নিশ্চয়তাও চান তাঁরা।

ভাঙচুরের পর মেলার আয়োজক মো. জাহাঙ্গীর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।’

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গিয়ে মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।

পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে এর আগেও শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা রাজপথেও নেমেছিলেন।

শিক্ষার্থীদের দাবি, গবেষণা কার্যক্রমের স্বার্থে মাঠটি দ্রুত ফিরিয়ে দিতে হবে। সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি গ্রেপ্তার

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট গড়াল দ্বিতীয় দিনে, ভোগান্তি চরমে

রাজধানীর আদাবরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

ঢামেকে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী বহনে ভোগান্তি

লাল থেকে কমলা রঙে জাহাজভাঙা শিল্প, স্বার্থ কার—প্রশ্ন বাপার

পল্টনে হামলার প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুখু মিয়া

কম্বোডিয়ায় দুই তরুণকে ৫ হাজার ডলারে স্ক্যাম সেন্টারে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২

দিলীপ কুমার আগরওয়ালা কারাগারে