হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্যের নিন্দা এলআরএফের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের অপেশাদার, নিন্দনীয়, দায়িত্বজ্ঞানহীন ও আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। একই সঙ্গে আইজিপিকে অবিলম্বে তাঁর বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় পেশাদার সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছে এলআরএফ।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে পুলিশপ্রধান বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকেরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’

সোমবার এক বিবৃতিতে পুলিশপ্রধানের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্না। তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাদারি ও সততা নিয়ে এমন অপেশাদার মন্তব্য অসাংবিধানিক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। নানা ধরনের বাধাবিপত্তি সত্ত্বেও সাংবাদিকেরা এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়ায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের পক্ষ থেকে সাংবাদিকদের বাধাবিপত্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এক কথায়, আইজিপির এ বক্তব্য অপেশাদার, নিন্দনীয়, দায়িত্বজ্ঞানহীন, আপত্তিকর ও অগ্রহণযোগ্য।

নেতারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করতে হবে। কিন্তু এ ধরনের অপেশাদার ভাষায় অরুচিকর ও নেতিবাচক মন্তব্য করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত করা অনভিপ্রেত।

নেতারা পুলিশপ্রধানকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তাঁরা বলেন, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় পেশাদার সাংবাদিকেরা ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে বাধ্য হবেন।

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৩ জন গ্রেপ্তার, মিরপুরেই ১৫০

ধানমন্ডিতে শিল্পী-জনতার প্রতিবাদী মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ্তার

নাগরিক সেবায় অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

জনপ্রতি ৩৩ হাজার কোটি টাকা দাবি গ্রামীণফোনের সাবেক কর্মীদের, ১০ কোটিতে নিষ্পত্তির প্রস্তাব

মৎস্য খাতে অবহেলিত প্রায় দুই কোটি শ্রমিক, আইনি সুরক্ষা ও জীবনমান উন্নয়নের দাবি

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে তলব

ডেমরা সেতুতে মেরামত, দুই দিন যানজটের শঙ্কা

দায়রা আদালতেও মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর