ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আজহারুল ইসলাম মিলন (৫১) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ রোববার রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
কারা সূত্রে জানা যায়, বন্দী আজহারুল ইসলাম মিলনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বাবার নাম সায়েম উদ্দিন। পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল তাঁর বিরুদ্ধে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।