হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির

ঢাবি প্রতিনিধি

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কারের দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর যে স্বাধীন সাংবাদিকতার প্রত্যাশা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা প্রশ্নবিদ্ধ করছে। গত দুই দিনে ধারাবাহিকভাবে সাংবাদিকদের হেনস্তা এবং সর্বশেষ শাহবাগ থানায় সরাসরি হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’

তিনি জানান, ঘটনার দিন সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে সাংবাদিকেরা শাহবাগ থানায় যান। সেখানে ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের নেতা কর্মীরা বাধা দেয়। প্রতিবাদ জানালে সাংবাদিকদের ধাক্কা দেওয়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। পরবর্তীতে একটি ‘মব’ তৈরি করে ১৫০ থেকে ২০০ জন নেতা কর্মী সাংবাদিকদের ওপর হামলে পড়ে।

সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে থাকাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব। আমাদের ওপর হামলার পরই পরিস্থিতি আরও অবনতি হয়।’

তিনি দাবি করেন, পূর্বের ঘটনাগুলোর ধারাবাহিকতায় এটি সাংবাদিকদের জন্য একটি স্পষ্ট ‘থ্রেট’।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলায় অন্তত ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক নিজেও রয়েছেন।

সমিতির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়— হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, জড়িত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার এবং সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলন শেষে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নেতারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ সাংবাদিক এবং দুই ডাকসু নেতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশকে নীরব ভূমিকার অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার

রানা প্লাজা ধস: বিচারের অপেক্ষা শেষ হয়নি ১৩ বছরেও

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

শাহবাগ থানা চত্বরে ধাক্কা–ধাক্কির শিকার কয়েকজন সাংবাদিক

শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর

সাংবাদিকেরা প্রবেশাধিকার না পেলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে: সমাবেশে আইনজীবীরা

ছাগল-কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের জামিন

জাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও ছাত্রীকে বিবাহের অভিযোগ

জ্বালানি সংকট: যেখানে ফুয়েল পাস বাধ্যতামূলক, সেখানে বেশি ভিড়

আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী