রাজধানীর যাত্রাবাড়ী বগুড়া মৎস্য আড়তে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার বেলা ২টায় বগুড়া মৎস্য আড়তে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে মৎস্য আড়তের জায়গার মালিক শেখ শামীম বলেন, ‘আমাদের জায়গা ব্যবসায়ী আলী হোসেন, এ এম জাকিউল আলম ও মাসুদ গংদের নিকট ৪/৫ মাস পূর্বে ভাড়া দেই। তাঁরা সেখানে ৭ সেপ্টেম্বর বগুড়া মৎস্য আড়ত নামে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। এ সময় ৩০-৪০ জনের একটি দল এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আড়তের নির্মাণকাজ বন্ধ ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
শেখ শামীম বলেন, ‘গতকাল শুক্রবার বেলা ১টার দিকে ৫০-৬০ জনের একটি দল আড়তে হামলা চালিয়ে স্থাপনা ভাঙচুর, নির্মাণসামগ্রী, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এদের আমরা শনাক্ত করতে পারি নাই।’
যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলী হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ‘বগুড়া মৎস্য আড়ত নামে স্থাপনার নির্মাণকাজ চলছিল। এ সময় একদল সন্ত্রাসীরা এসে হামলা ও লুটপাট করে।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।