রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুনের ঘটনাটি ঘটে। মুহূর্তেই আগুন ভবনের ১৩ ও ১১ তলায় ছড়িয়ে পড়লে আটকে পড়েন অনেক বাসিন্দা। সেখান থেকে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটি দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা যায়, আগুন লাগা ফ্লোরটিতে ছিল আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানানোর পর আর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
মৃত আব্দুস সালাম বগুড়ার কাহালু উপজেলার বড় ভাহাদার গ্রামের সেলিম সরকারের ছেলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক তিনি। অন্যদিকে মৃত জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।