হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মহাখালীতে আজ দুপুরে ব্রিটিশ টোব্যাকোর একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১ টা ৪৮ মিনিটে এ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুখপাত্র তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১১টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস আরও জানায়, ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।