রাজধানীর রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি ককটেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকালে হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন (১৯)।
ডিএমপি জানায়, গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে রমনা মডেল থানার রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।