রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ সোমবার বেলা ৩টার দিকে বক্সনগরের একটি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)।
মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমান আকাশ জানান, আটতলা ভবনটির পুরোটিই মাদ্রাসা। আহত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির এবং ভবনের ষষ্ঠ তলায় অবস্থান করছিল। বিকেলে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় দেয়ালে থাকা বৈদ্যুতিক সুইচ বোর্ডে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দেয়ালের কয়েকটি ইট খসে পড়ে শিক্ষার্থীদের গায়ে লাগে। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মাদ্রাসাশিক্ষক জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে রেদোয়ান নামে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ডেমরার ওই মাদ্রাসা থেকে পাঁচ শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে আসে। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রেদোয়ানের মাথায় আঘাত থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সোমবার বিকেলে মাদ্রাসার ষষ্ঠ তলার একটি বৈদ্যুতিক বোর্ডে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তিনি জানান, এ সময় ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তবে ভবনের অন্য শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে বা শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।