হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের শীতলক্ষ্যার তীরের কেবিএম ব্রিকস ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে মো. ফরিদ সরকার নামের এক জাসাস নেতাকে গভীর রাতে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের শীতলক্ষ্যার তীরের কেবিএম ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজন মোবাইল ফোনে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে তাঁকে খুন করেছে।

নিহত মো. ফরিদ সরকার (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত ফরিদের বাবা জামাল উদ্দিন সরকার বলেন, ‘গতকাল রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি আমার ছেলেকে মোবাইল ফোনে আবুল কাশেমের মালিকানাধীন কেবিএম ইটভাটায় ডেকে নেয়। রাত ১০টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। রাত ৩টার দিকে স্থানীয় লোকজন বাসায় এসে খবর দেয় আমার ছেলেকে কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে গেছে। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, ছেলের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’ তিনি বলেন, ‘আমার ছেলে ইটভাটায় মাটি সরবরাহ করত। এ নিয়ে কয়েক দিন ধরে সমস্যা চলছে। কয়েকজন মাটি সরবরাহ করতে বাধা দিয়ে আসছিল ছেলেকে।’

নিহত ব্যক্তির মা ফরিদা বেগম বলেন, ‘রাত ১০টার দিকে আমার ছেলে আর আমি একই সঙ্গে রাতের খাবার খাই। খাবার শেষে ইটভাটার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাত ৩টার দিকে ছেলেকে মেরে ফেলছে—এমন খবর পেয়ে মাথায় আসমান ভেঙে পড়ে। আমার কলিজাটা শেষ করে দিল ওরা। আমি ছেলেকে ফেরত চাই। আমার ছেলেকে ডেকে নিয়ে ওরা মেরে ফেলেছে। আমাদের শত্রুরা আমার ছেলেকে বাঁচতে দিল না। সবার নাম বলব পরে।’

কেবিএম ইটভাটার কর্মচারী মো. জাকির হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে ইটভাটায় এসে আগুন পোহাতে থাকে ফরিদ ভাই। এরপর রাত ৩টার দিকে কয়েকজন অচেনা ব্যক্তি রামদা হাতে এসে ফরিদ ভাইকে ধাওয়া করে। আমরা ভয়ে দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নিই। এরপর কুপিয়ে-পিটিয়ে মেরে ফেলে যায়।’

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর (সার্কেল) মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত হত্যাকাণ্ডের বিষয়টি দুর্বৃত্তের হাতে খুন বলতে হবে। পুলিশের কাছে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন তথ্য রয়েছে। আপাতত তদন্তের জন্য বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

‘ভুলে’ ভোট দেওয়া হলো না মাজেদা খাতুনের, পোলিং কর্মকর্তা প্রত্যাহার

দুপুরেই ফাঁকা সাভারের ২ ভোটকেন্দ্র, গল্প করে সময় পার নির্বাচনী কর্মকর্তাদের

ঢাকা-১৮: শেষ সময়ে বিশৃঙ্খলার আশঙ্কা ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুলের

‘প্রথমবার ভোটার হয়েই নতুন পরিবেশ পেয়েছি, ভোট দিতে ঝামেলা হয়নি’

ঢাকা-১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

চোখে আলো নেই, তবু ভোটের পথে জোলেখা

ঢাকা–১৫: ‘অনেক দিন পর সুষ্ঠু ভোটের সুযোগ’, মিটেছে ‘পিপাসা’, ভোটকেন্দ্রে স্বস্তি ও প্রত্যাশা

জনগণের রায় মাথা পেতে নেব, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব: এস এম জাহাঙ্গীর

ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা

ঢাকা-১৪: বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে ভোটার উপস্থিতি