ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী সাকমান হোসেন (৪৬) নামে এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মো. ফারুক আরও জানান, ওই ব্যক্তি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মামলার বিবরণ জানা যায়নি। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামে। তাঁর বাবার নাম আবু বক্কর সরকার।