রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। ওই সময় বিচারক মঞ্জুরুল বাছিদ নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিচারকের ছেলে মাহমুদুল বাসিত জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাঁদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় ছিল।
তবে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
শেখ জাহিদুল ইসলাম আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়েছে।