হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি

বাসটিতে আগুন জ্বলছে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৩৫ জন। আজ দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল সেন্টমার্টিন পরিবহন নামের একটি লোকাল বাস। বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল এটির নিচে পড়ে যায়। এ ঘটনায় বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের দরজা ও জানালা দিয়ে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এবং ভেতরে আটকা পড়ে দগ্ধ ও হতাহতের ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান ও দিলরুবা ইয়াসমিন এবং সহকারী চিকিৎসক শামীম উদ্দিন জানান, দুর্ঘটনায় চারজন যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। এ ছাড়া দগ্ধ অন্তত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাসটিতে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতালে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন মা, ২৭ দিনের শিশু অপহৃত

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

২০ বছর আগের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাসনাত আবদুল্লাহ

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৪ জন

দেবিদ্বারে ৩৮ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু