হোম > সারা দেশ > কুমিল্লা

হাসনাতের প্রতিদ্বন্দ্বী ট্রাকের প্রার্থীকে বিএনপির সমর্থন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। 

গণঅধিকার পরিষদের (ট্রাক) প্রার্থী মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এই আসনে জামায়াত-সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন।

ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরে এ বিষয়ে করা রিট হাইকোর্টে খারিজ হলে আসনটি কার্যত বিএনপিশূন্য হয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেবিদ্বারবাসীর প্রতি অনুরোধ, আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকবেন এবং তাঁর পক্ষে কাজ করবেন।’

দেবিদ্বার পৌর এলাকার বিএনপি সমর্থক আলী আহাম্মদ বলেন, বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আবদুল্লাহ চাপে পড়তে পারেন।

তবে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটনের অবস্থান এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।’

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন ও নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন।

বাজারে আগুন, পুড়ল ২০ দোকান

বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

বাস থেকে নামার সময় নারী ও শিশুকে পিষে দিয়ে গেল আরেক বাস

কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল: অনিয়মে রুগ্‌ণ সেবাপ্রতিষ্ঠান

হোমনায় বিএনপির ২১৫ নেতা-কর্মীকে আসামি করে মামলা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

শুক্রবার কুমিল্লায় আসছেন জামায়াতের আমির, নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস

কুমিল্লায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় সংগীতশিল্পী আসিফ আকবর

‘সবার আগে বাংলাদেশ’ বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া