হোম > সারা দেশ > কুমিল্লা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি

নিহত ফাহিমা আক্তারের স্বজনদের আহাজারি। ছবি : আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচং উপজেলায় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের হামলায় ফাহিমা আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) বিকেলে বুড়িচং পৌরসভার জগৎপুর নাগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার জগৎপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন এবং অন্তঃসত্ত্বা অবস্থায় সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ৩টার দিকে বাড়ির উঠানে শিশুদের ব্যবহৃত পেম্পাস (ডায়াপার) ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তাঁর চাচাতো ভাই সাইদ সিয়ামের বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে তা সহিংস রূপ নেয়।

বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতালে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন মা, ২৭ দিনের শিশু অপহৃত

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

২০ বছর আগের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাসনাত আবদুল্লাহ

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৪ জন

দেবিদ্বারে ৩৮ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু