সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের দাম্মাম-আপকিক-আলহাসা সড়কে এই দুর্ঘটনা ঘটে। সৌদি সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিট) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন শাহীন মিয়া। তিনি সেখানে সিইউসি কোম্পানিতে কর্মরত ছিলেন।
শাহীন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে অবস্থানরত তাঁর সহকর্মী মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। পাশাপাশি তাঁর স্ত্রী ও সন্তানেরা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাঁরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়।