কুমিল্লার দেবিদ্বারে জেলা পরিষদের অর্থায়নে ২০ জন অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ২০টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম হয়। কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে অটোরিকশা বিতরণ করা হলেও চলমান বিদ্যুৎ-সংকটের মধ্যে বিদ্যুতের ওপর চাপ ও লোডশেডিং বাড়ার আশঙ্কায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে।
চলমান বিদ্যুৎ-সংকটের প্রেক্ষাপটে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং জাতীয় গ্রিডের ওপর চরম চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এতে বিদ্যুৎ বিপর্যয় ও লোডশেডিং তীব্রতর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের ভাষ্য, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের যান বিতরণ করা হলেও এগুলোর অনিয়ন্ত্রিত চার্জিং বিদ্যুৎ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের বিদ্যুৎ-সংকটের অন্যতম কারণ হিসেবে অটোরিকশার অবৈধ চার্জিং চিহ্নিত করা হয়েছে। এতে গ্রিডের ওপর চাপ বাড়ছে এবং লোডশেডিং তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে নতুন করে ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণে সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম বলেন, কর্মসংস্থানের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বিএনপি সরকারের উপহার অটোরিকশা বিতরণ করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা ছাড়া উপকারভোগীরা নিতে আগ্রহী নন, তাই তাঁদের ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ-সংকট অচিরেই কেটে যাবে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘জেলা পরিষদের পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হয়েছে। যেহেতু আমার এখানে বিতরণ করা হয়েছে, সে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিতরণকাজে সহযোগিতা করেছি। তা ছাড়া এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ‘এটা আমাদের প্রকল্পে যেভাবে ছিল, সেভাবেই দেওয়া হয়েছে।’
একই অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত পরিবার এবং বিভিন্ন অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মধ্যে ৭৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সী, উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।