কক্সবাজারের চকরিয়া পৌরসভায় মাতামুহুরী নদী সাঁতার কেটে পার হতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার উত্তর কাহারিয়াঘোনার খোন্দকারপাড়ার ঘাটপাড়ার নদী থেকে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।
মারা যাওয়া শিশুর নাম নূরে ইলাইহি নাদিম (১৩)। সে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবিদেশের চকরিয়া প্রতিবেদক অলিউল্লাহ রনির ছেলে। নাদিম চকরিয়া কোরক বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নাদিমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে মাতামুহুরী নদীতে গোসল করতে যায় নাদিম ও তার কয়েকজন বন্ধু। গোসলের আগে বন্ধুরা মিলে পৌরসভা খোন্দকারপাড়া থেকে নদীর ওপারে সাহারবিল ইউনিয়নের বাটাখালীতে জেগে ওঠা চরে ফুটবল খেলতে যাচ্ছিল। এ সময় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় নদীতে তলিয়ে যায় নাদিম। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজির পর নাদিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাদিমের চাচা বি এম হাবিবুল্লাহ অভিযোগ করেন, আজ সকালে নদীর ওপারে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যাচ্ছিল। পার হতে গিয়ে নাদিম নদীর গর্তে তলিয়ে যায়। মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে গর্ত হয়ে গেছে। প্রায় সময়ই নদীতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্কুলছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।