কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ গ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত ঝর্ণা ওই গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
জানা গেছে, আজ সকালে আব্দুল মালেক তাঁর স্ত্রী লাকি আক্তার (৩১), হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩), জেরিন মনি (৯) ও শাওরিন মনিকে (৭) নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ডিঙি নৌকা ঝড়ো বাতাসের কবলে পড়লে সেটি ডুবে যায়।
ঘটনার পর আব্দুল মালেক ও লাকি আক্তার জেরিন মনি ও শাওরিন মনিকে নিয়ে কোন রকম উঠতে পারলেও ঝর্ণা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের তিন ঘণ্টা পর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দিদারুল হক বলেন, `বন্যার পানিতে নৌকা ডুবে এক কিশোরী নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।'