হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, তদন্তে কমিটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ১৫০০ টাকায় বিক্রি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজ সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অন্য বিষয়গুলোর প্রশ্নপত্রও বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুন নাহার। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হয়। পরে সেটি ফটোকপি করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জনি ফটোস্ট্যাটে পাঠানো হলে দ্বিতীয় দফায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম জনি ফটোস্ট্যাটে অভিযান চালান। পরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রধান শিক্ষকের তদারকির ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন। পাশাপাশি আগের পরীক্ষা কমিটির সদস্যদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং নতুন পরীক্ষা কমিটি গঠনের নির্দেশ দেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এ ধরনের অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘গত রাতে বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গা কারাগারে বিএনপি নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ ‘অবহেলার’

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

চুয়াডাঙ্গা: শিশু ওয়ার্ডে সাত গুণ রোগী

চুয়াডাঙ্গায় গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চায়ের আড্ডায় বাগ্‌বিতণ্ডা, কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক কারাগারে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ