হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

বাসায় ঢুকে প্রকৌশলীর স্ত্রী ও মেয়েকে কোপাল দুর্বৃত্তরা, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

আটক নারী রাফিয়া। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বাসায় ঢুকে হামলা চালিয়ে সর্বস্ব লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রকৌশলীর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার গণপূর্ত কার্যালয় ক্যাম্পাসের একটি সরকারি আবাসিক ভবনে ঢুকে এই হামলা চালানো হয়। ঘটনার পর প্রতিবেশীরা এগিয়ে এসে হামলাকারী এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক নারী মোছা. রাফিয়া চুয়াডাঙ্গা শহরের মুন্সিপাড়া এলাকার সাবেক পৌর কাউন্সিলর খোকন মুন্সির মেয়ে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শামীম ফেরদৌস কর্মস্থলে বা বাসার বাইরে অবস্থান করার সুযোগে দুর্বৃত্তরা তাঁর বাসায় প্রবেশ করে। তারা শামীম ফেরদৌসের স্ত্রী এবং স্কুল পড়ুয়া মেয়ের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের (দা) আঘাতে গৃহবধূর মাথা, হাত ও পিঠে মারাত্মক জখম হয়। বর্তমানে আহত মা ও মেয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রকৌশলী শামীম ফেরদৌসের বড় মেয়ে চিকিৎসক তানজিয়া তাসমীম চাঁদনীর বিয়ের জন্য রাখা নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই এই হামলা চালানো হয়। পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এলে হামলাকারীদের একজন ধরা পড়ে। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

চিকিৎসক তানজিয়া তাসমীম চাঁদনী বলেন, আমি ময়মনসিংহ থেকে ফিরছি। আমার মা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, হামলাকারী এক নারীকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কি উদ্দেশে এ হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।