হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণ, অভিযোগ অস্বীকার জামায়াত নেতার পিএসের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খোরশেদ আলম নামে এক ব্যবসায়ী আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীতে সংবাদ সম্মেলনে অভিযোগটি করেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) আরমান উদ্দিনের বিরুদ্ধে অপহরণ করে মারধরের অভিযোগ তুলেছেন খোরশেদ আলম নামে এক ব্যবসায়ী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীতে এক সংবাদ সম্মেলনে অভিযোগটি করেন তিনি।

লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী খোরশেদ ‘মেসার্স রাইয়ান ট্রেডার্স’ ও ‘রাইয়ান এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী খোরশেদ বলেন, গত ৫ আগস্ট তাঁর দুই ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়। ১২ আগস্ট এ ঘটনায় আদালতে মামলা করেন তিনি। এরপর ১৭ আগস্ট একজন তাঁকে (খোরশেদ) ফোন করে জানান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর একান্ত সচিব আরমান উদ্দিন কথা বলতে চান।

পরদিন একটি রেস্তোরাঁয় গিয়ে আরমানের সঙ্গে দেখা করেন খোরশেদ। আরমান এ সময় ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন।

ওই ব্যবসায়ী দাবি করেন, মামলায় না জড়ানো ও দোকানের মালামাল উদ্ধার করে দেওয়ার শর্তে ২১ আগস্ট ৮ লাখ টাকা দেওয়ার মৌখিক চুক্তি হয়। ২৮ আগস্ট নগরের বাকলিয়া এলাকার একটি ভবনের বাসায় নেওয়া হয় খোরশেদকে। সেখানে আরমানের উপস্থিতিতে তাঁকে মারধর করা হয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি করা হয় খোরশেদকে। সেই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) আরমান উদ্দিন। ছবি: সংগৃহীত

এদিকে কারাগারে থাকাকালীন তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা দেওয়া হয়। কদিন আগে জামিনে বেরিয়ে আসেন খোরশেদ। এখন আরও মামলার আসামি করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন খোরশেদ।

অভিযোগের বিষয়ে আরমান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (খোরশেদ আলম) যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। একই উপজেলার বাসিন্দা হলেও তাঁকে আমি ভালো করে চিনি না। এটা মূলত আমি যাঁর সঙ্গে (মহানগর জামায়াতের আমির) থাকি, তাঁকে ও আমাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।’

অভিযোগকারী খোরশেদ সাবেক এমপি আবু রেজা নদভীর সহযোগী বলেও মন্তব্য করেন তিনি।

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

চট্টগ্রামে চিকিৎসককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে চোরাচালানের সময় তিন টন কয়লাসহ দুটি বোট জব্দ