হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এমভি বাংলার জয়যাত্রা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি বাংলার জয়যাত্রা’। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। তবে জাহাজের ৩১ নাবিকের দেশে থাকা পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বলছে, জাহাজের সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাঁদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

জানা যায়, এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। বিএসসির মালিকানাধীন সাতটি জাহাজের মধ্যে বর্তমানে এটি উপসাগরীয় অঞ্চলে রয়েছে। সাধারণত বিএসসির দুই থেকে তিনটি জাহাজ নিয়মিত উপসাগরীয় অঞ্চলে অবস্থান করত।

জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজের মাস্টারের সঙ্গে জুম বৈঠক করে বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁকে বাড়তি সতর্কতা অবলম্বন, বন্দরে অবস্থানকালে প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং নাবিকদের মনোবল অটুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাজের সব নাবিক পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান করছে, যা তুলনামূলকভাবে নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত। জরুরি পরিস্থিতিতে নাবিকেরা বন্দরের অভ্যন্তরে আশ্রয় নিতে পারবেন।

তিনি জানান, বিএসসি জাহাজে পর্যাপ্ত খাদ্য-পানি মজুত রাখার নির্দেশ দিয়েছে এবং বন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট দিতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনায় করণীয় সম্পর্কে নাবিকদের আগেই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

কমোডর মালেক আরও জানান, পরিস্থিতি সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হয়েছে।

এদিকে সংস্থাটির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানি উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ফ্রান্সভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম কনটেইনার পরিবহন প্রতিষ্ঠান CMA CGM মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে।

প্রতিষ্ঠানটি পারস্য উপসাগরে অবস্থানরত এবং ওই অঞ্চলের উদ্দেশে যাত্রারত জাহাজগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Suez Canal দিয়ে চলাচল স্থগিত করে কেপ অব গুড হোপ হয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকে পড়া বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এক বাংলাদেশি নাবিক নিহত হন।

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে সেই শিশুকে দুর্গম পাহাড়ে নিয়ে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরি করতে দেখে ফেলায় বোনকে কুপিয়ে হত্যা

মারা গেছে সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার শিশুটি

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১