চট্টগ্রাম নগরে ১৭ বছর আগে পলাশ নামে এক বাবুর্চিকে হত্যার অপরাধে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আইয়ুব আলী ওরফে বাবুল (৪৪) ও মাহমুদুল হাসান সোহেল (৩৭)। দুজনই নোয়াখালী জেলার বাসিন্দা। পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোবারক শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজকের পত্রিকাকে বলেন, ২০০৯ সালের বাকলিয়া থানার এই হত্যা মামলায় আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে তাঁদের যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন। তিনি জানান, রায়ের সময় দুই আসামি পলাতক ছিলেন। এ সময় আদালত আসামিদের বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে ২০০৯ সালের ২৭ আগস্ট মহানগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় মো. পলাশকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট ২০০৯ সালের ২৮ আগস্ট বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এরপর ২০১২ সালের ১২ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে এটি চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। এই মামলার অভিযোগপত্রে মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে যুক্তিতর্ক শেষে আজ সোমবার ১৭ বছর আগের এই হত্যা মামলাটির রায় ঘোষণা করেন।