হোম > সারা দেশ > বান্দরবান

যৌথ অভিযানেও উদ্ধার হয়নি ২৫ অপহৃত শ্রমিক

বান্দরবান প্রতিনিধি

ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার পাঁচটি রাবারবাগান থেকে অপহৃত ২৬ শ্রমিকদের মধ্যে জিয়াউর রহমান নামে একজন পালিয়ে এলেও উদ্ধার করা যায়নি অন্যদের। গত রোববার সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় জিয়াউর পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন লামা থানার ওসি মো. শাহাদত হোসেন।

এর আগে গত রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে অপহরণ করা হয় ২৬ শ্রমিককে। তাঁদের মধ্যে ২০ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। যৌথ বাহিনী তাঁদের উদ্ধারে অভিযানে নামলেও কোনো সন্ধান পায়নি।

অপহৃতরা ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানী, আহসান উল্লাহ কোম্পানী, হুমায়ুন কোম্পানী ও সোনামিয়া কোম্পানীর রাবারবাগানে ট্রেপারের কাজ করতেন। স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ দুই-আড়াই মাস ধরে লামার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ ট্রেপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয়।

রাবারবাগানের মালিক মো. শাহজাহান জানান, সন্ত্রাসীরা তাঁর বাগান থেকে ১২ ট্রেপারকে নিয়ে গেছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা এসব ট্রেপারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, দাবিকৃত চাঁদা না পেয়ে তাঁদের অপহরণ করে। অপহরণের পর তাঁর কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানান শাহজাহান।

এদিকে ২৬ রাবার ট্রেপার অপহরণের ঘটনায় রাবার, তামাক, গাছ, পাথর, বাঁশশ্রমিকসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা। তিনি জানান, ঘটনার পর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় ব্যবসার জন্য স্থানীয়রা আর যাচ্ছেন না। সবাই ভয়ে আছেন।

এর আগে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।

ওসি শাহাদাত হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অপহৃতদের উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ