হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসার কক্ষ দখল করে শ্রমিক দলের অফিস বানানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্ষের সামনে তারেক রহমানের ছবিযুক্ত নিজেদের সাইনবোর্ড টানিয়েছে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের একটি কক্ষের তালা ভেঙে সেখানে শ্রমিক দলের অফিস করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল নামে একটি সংগঠনের বিরুদ্ধে। কক্ষটি দখল নেওয়ার পর সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবিযুক্ত একটি সাইনবোর্ডও টানিয়ে দিয়েছে সংগঠনটি। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের দামপাড়া এলাকাসংলগ্ন চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনে এ ঘটনা ঘটে।

দামপাড়াতে অবস্থিত নবনির্মিত এই ভবনটি চট্টগ্রাম ওয়াসার পুরোনো ভবনের পেছনে গড়ে তোলা হয়েছে। নতুন ভবনটি বর্তমানে প্রস্তুত হলেও ওয়াসার কার্যক্রমের অধিকাংশ পুরাতন ভবনে পরিচালিত হচ্ছে। ওয়াসার কার্যক্রম নতুন ভবনে নিয়ে আসতে আরও কয়েক মাস সময় লেগে যাবে বলে জানা গেছে।

চট্টগ্রাম ওয়াসার কর্মচারীরা জানান, ওয়াসার রাজস্ব বিভাগের জন্য রাখা বরাদ্দ রাখা কক্ষটি দখল করা হয়েছে। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের নেতা এবং চট্টগ্রাম ওয়াসার ৪০-৫০ কর্মচারী এ ঘটনায় জড়িত। ওয়াসার সরকারি ওই কক্ষটি দখলে নেওয়ার পর দিনব্যাপী সেখানে অফিস করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হওয়ার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পথে রয়েছে। এরই মধ্যে বাংলাদেশের বৃহৎ এই রাজনৈতিক দলটির শ্রমিক সংগঠনের চট্টগ্রামের নেতাদের সরকারি অফিসের কক্ষ দখলের ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।

চট্টগ্রাম ওয়াসাতে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সিবিএ (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক লীগের নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পটপরিবর্তনের পর ওয়াসার সিবিএ নিয়ন্ত্রণ করে আসছে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত দুটি সংগঠন—চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। এর মধ্যে সবচেয়ে পুরোনো দল চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন।

জানা গেছে, ওয়াসার সিবিএ নিয়ন্ত্রণের পর চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের নেতৃত্বে যেসব শ্রমিকনেতা রয়েছেন তাঁদের কয়েকজনের বিরুদ্ধে অতীতে শ্রমিক লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতাসহ বিভিন্ন অনিয়মে জড়ানোর অভিযোগ রয়েছে। বিশেষ করে শ্রমিক সংগঠনটির সভাপতি মামুনুর রশীদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এখন নতুন করে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলটির নেতাদের বিরুদ্ধে সরকারি কার্যালয়ের কক্ষ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।

জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের সহসভাপতি মো. মানিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি এই প্রতিষ্ঠানটির কর্মচারী হিসেবে আমাদের বিশ্রামের জন্য একটা অফিস কক্ষের বরাদ্দ চাইতে পারি। কর্তৃপক্ষ না দেওয়ায় আমরা নিজেরাই একটা কক্ষ নিয়ে সেখানে বসেছি, এতে কোনো সমস্যা দেখছি না।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার নতুন ভবনে আমাদের শ্রমিক দলের জন্য একটি অফিস বরাদ্দ দিতে অনেক দিন ধরে কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলাম। কিন্তু দেড় মাস হয়ে গেছে এখনো কোনো কক্ষ আমাদের বরাদ্দ দেয়নি। সে জন্য আমরা নিজেরাই একটি কক্ষ দখলে নিয়ে সেখানে চেয়ার-টেবিল বসিয়েছি, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের অফিস করেছি।’ এখানে কক্ষের কোনো তালা ভাঙা হয়নি এবং কর্তৃপক্ষকে জানিয়ে কক্ষ নেওয়া হয়েছে বলে দাবি করেন এই শ্রমিক নেতা।

এদিকে এমন জবরদখলের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শ্রমিক দলের আরেকটি সংগঠন চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন। গতকাল বিকেলে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটা সরকারি প্রতিষ্ঠানের কোনো কক্ষ ভাড়া নিতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। সেখানে ওয়াসার এমডি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারোর অনুমতি ছাড়াই ওরা জোরপূর্বক কক্ষের তালা ভেঙে দখলে নেয়। এই কক্ষটি ওয়াসার রাজস্ব শাখার জন্য বরাদ্দ ছিল। এভাবে জোরপূর্বক সরকারি অফিসের কক্ষ নিয়ে ফেলাটা ওয়াসার ইতিহাসে নজিরবিহীন।’

শ্রমিক দলের এই সিনিয়র নেতা আরও বলেন, ‘মাত্র নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, এখনো শপথ নেয়নি দলটি। এরই মধ্যে ওরা দলের নাম ব্যবহার করে ও তারেক রহমানের ছবি টানিয়ে সরকারি কার্যালয় অবৈধভাবে জবরদখলে যুক্ত হয়েছে। এমন ঘটনা দলটিসহ সবাইকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। মানুষজন এটা নিয়ে বলাবলি করছে। জনগণের কাছে খারাপ ম্যাসেজ চলে যাচ্ছে। তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা চাইব কর্তৃপক্ষকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শিলাকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।

সাতকানিয়ায় কৃষকের ৩ শতাধিক সূর্যমুখী ফুলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দাবি চসিক মেয়রের

চট্টগ্রাম-১৪ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে মন্ত্রিত্বের আলোচনায় ৮ জন

পরাজিত দুই জামায়াত প্রার্থীর কাছে ফুল নিয়ে বিএনপির দুই বিজয়ী এমপি

চট্টগ্রামে জামানত হারালেন জামায়াতের এক প্রার্থী

চট্টগ্রাম-১৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ অলি আহমদের

চট্টগ্রামে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চট্টগ্রাম বিভাগের ৫৮ আসনে জামায়াত জোটের ভরাডুবি