হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আটক সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় আবদুর রহিম (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। জবাই করা গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক আইয়ুব মিয়া।

আটক আবদুর রহিম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আবদুর রহিম গতকাল বুধবার রাতে দুই যাত্রীকে নিয়ে দক্ষিণ শ্রীমাই এলাকায় যান। দুই ব্যক্তিকে সেখানে নামিয়ে দিয়ে তিনি চলে যান। পরে ওই দুই ব্যক্তি এলাকার সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির আইয়ুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান। আজ ভোরে গরুটি জবাই করে মাংস বস্তাবন্দী করেন ওই দুই ব্যক্তি। এরপর মাংস নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তাঁরা।

স্থানীয় কৃষক রফিক জমিতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি দেখে সন্দেহ করেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনি চালক আবদুর রহিমকে আটক করেন। এ সময় অপর দুই ব্যক্তি পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আটকের পর আবদুর রহিম গরু চুরির বিষয়টি স্বীকার করেন। পরে গরুর মাংস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরুর মালিককে শনাক্ত করা হয়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করেন। আবদুর রহিম গরু চুরি করে জবাইয়ের বিষয়টি স্বীকার করলে তাঁকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

গরুর মালিক আইয়ুব মিয়া জানান, অন্য একজনের কাছ থেকে গরুটি বর্গা নিয়ে তিনি লালন-পালন করছিলেন। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড়কেন্দ্রিক এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুয়েটে আন্দোলন ও ক্লাস দুটোই চলবে

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

শাহ আমানতে চার বাহিনীর ৬৩৫ নিরাপত্তাকর্মী, তারপরও থামছে না চুরি

‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসি ল্যান্ডকে ফোন

১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম

নিজ বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় ছুরিকাঘাত ও গুলি: চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সন্দ্বীপে অন্যের ভিটার ওপর দিয়ে যুবদল নেতার সড়ক নির্মাণের চেষ্টা

চট্টগ্রামে যুবদল নেতার পক্ষ ত্যাগ করায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে