চট্টগ্রামের আনোয়ারায় চারতলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার একটি আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ার ও মোছাম্মৎ নিলা আকতারের একমাত্র সন্তান। পরিবারটি দীর্ঘদিন ধরে পশ্চিমচাল এলাকার গুলবাহার আবাসিক ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বেলকনিতে চলে যায়। সেখানে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন বলেন, ‘শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি সবার অজান্তে বেলকনিতে চলে যায় এবং নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’