চট্টগ্রামের কর্ণফুলীতে রাফা নামের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকার আবাসিক হোটেল রাফা থেকে তাঁদের আটক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।
কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, আটক ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।