হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি সদস্যরা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তারকৃত পাঁচ আসামি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে ২০টিরও বেশি মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা অতর্কিত হামলার শিকার হয়েছেন। এতে ব্যাটালিয়নের অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার এবং দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে পুলিশ ও এসআরবি।

আজ সোমবার সকালে এসআরবি-৭-এর মুখপাত্র ও সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, গত ২৪ অক্টোবর বিকেলে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রাসের ঘাটকুল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মূল অভিযুক্ত মো. আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।

এসআরবি জানায়, আলমগীরের উপস্থিতি টের পেয়ে তাকে গ্রেপ্তারের জন্য এসআরবি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে আলমগীর চিৎকার করে তার অনুসারীদের জড়ো করেন।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আলমগীরের ডাকে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে ৪-৫ জন এসআরবি সদস্য আহত হন।’

তিনি আরও জানান, হামলাকারীরা মারমুখী হয়ে উঠলে জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষায় এসআরবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

ঘটনার পর গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে হামলার ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মঞ্জুর ইসলাম (৩৯), মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪), মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) এবং আজিজুর রহমান সবুজ (২১)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।

তবে ঘটনার মূল অভিযুক্ত ও একাধিক মামলার পলাতক আসামি আলমগীরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চন্দনাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সপ্তাহখানেক পর গৃহবধূর সন্তান প্রসবের কথা, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন