চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকিরপাড়া ঈদগাহ মাঠের সামনে ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে পথচারী মামুন ও সেলিম আহত হন। তাঁরা সদর উপজেলার পাঠানপাড়া ও দরগাপাড়া এলাকার বাসিন্দা।
খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, আহত দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকে পুলিশের অভিযান চলছে।