হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ করে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রামদাসপুর সীমান্তে ভারত থেকে ছয়জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর (পুশ ইন) চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ভারত থেকে ছয়জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর (পুশ ইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি সংলগ্ন রামদাসপুর বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের এই প্রচেষ্টা প্রতিহত করে।

এ সময় ওই ছয়জন ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছিলেন। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরবর্তীকালে তাদের ভারতের অভ্যন্তরেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ‘বর্তমানে ওই ছয়জন শূন্য লাইনে অবস্থান করছেন। বিজিবির তৎপরতার কারণে তাদের প্রবেশ আটকানো গেছে এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কাজ চলছে।’

সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।