চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) অভিযান চালিয়ে সোনা পাচারের সময় মো. সানি মিয়া (২৭) নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁর কাছ থেকে ২৩১ দশমিক ৮১ গ্রাম ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনামসজিদ আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবির নিয়মিত তল্লাশিতে তিনি ধরা পড়েন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আটক সানি মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড়াই কাওরাইদ গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, আইসিপি পার হওয়ার সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে ধাতব পদার্থের সংকেত পাওয়া গেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনা বহনের কথা স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তাঁর পায়ুপথে সোনার বারের উপস্থিতি ধরা পড়ে।
উদ্ধার করা সোনার মান চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি যাচাই করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ সীমান্ত এলাকায় সোনাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।