চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের দুজনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়। গতকাল বুধবার রাত ৮টার দিকে ছেলের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা।
মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) ও তাঁর মা ময়না বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। গতকাল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ময়না বেগম। আজ সকালে সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে তাঁদের দাফন হয়।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সবুজ মিঞা বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমিও সেখানে গিয়েছিলাম। ছেলের মৃত্যুর ঘটনার পর মাত্র আড়াই থেকে তিন ঘণ্টা পরে মা মারা যান। ছেলে কালু শেখ স্ট্রোক করে মারা গেছেন আর তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মা ও ছেলেকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, কালু শেখের মা ময়না বেগম ৯৪ বছর বয়সী ছিলেন। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। গতকাল রাতে ছেলে কালু শেখের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়।