চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ এবং গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের ঘটনায় আসাদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনা ও সংশ্লিষ্ট মামলাকে কেন্দ্র করে আসাদুল ইসলামের পরিবারের সঙ্গে ইলিয়াসের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া সম্প্রতি ঢাকায় আসাদুলের ছেলে আব্দুর রশিদ মারধরের শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করেও উত্তেজনা সৃষ্টি হয়।
শুক্রবার সকালে ইলিয়াস ও তাঁর জামাতা মাঠে কাজ করার সময় আসাদুলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এদিকে, হামলায় প্রতিপক্ষের দুজন নিহত হয়েছেন—এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষুব্ধ গ্রামবাসী ইলিয়াসের পক্ষ নিয়ে আসাদুল ও তাঁর ভাইদের বাড়িতে পাল্টা হামলা চালায়। একপর্যায়ে আসাদুল ও তাঁর ভাই আশরাফুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াজিদ জানান, ঘটনায় আহত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে আসাদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, গুজব ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী উত্তেজিত হয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।