হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আমবাগান থেকে ১০টি ককটেল ও বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের একটি আমবাগান থেকে উদ্ধার হওয়া ককটেল। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও পাঁচ কেজি বিস্ফোরকসদৃশ (গানপাউডার) বস্তু উদ্ধার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর এসমা কলেজসংলগ্ন আমবাগান থেকে এসব বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আজ বুধবার র‍্যাব-৫ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল রাত সোয়া ৯টার দিকে ওই আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগে থাকা ১০টি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পলিথিন ব্যাগ থেকে ২ দশমিক ৮ কেজি গানপাউডার ও ২ দশমিক ১৫০ কেজি বারুদসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এগুলো সংরক্ষণ করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা হয়েছে বলে উল্লেখ করা হয়।