হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগদান ‘জামায়াতের ৩০ কর্মীর’, তাঁরা ‘আওয়ামী লীগের কর্মী’ বলছে জামায়াত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপিতে জামায়াত কর্মীদের যোগদান। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জামায়াতে ইসলামীর ৩০ জন’ কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাক কাটিতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তবে এসব কর্মীকে ‘আওয়ামী লীগের’ বলে উল্লেখ করেছে জামায়াত।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ধাইনগর ইউনিয়নের আবদুস সালাম, আলাউদ্দিন, আরিফ ও লিয়াকত আলী।

ওই পথসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা। তিনি বলেন, ‘বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান আমাদের ক্রেডিট নয়, জামায়াতের নানা অবান্তর ইসলামবিরোধী কথাবার্তা ও কর্মকাণ্ডের কারণেই তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁদের আমি অভিনন্দন জানাই।’

ধাইনগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগর সভায় সভাপতিত্ব করেন। নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ অনেকে।

এ বিষয়ে প্রতিবাদলিপি দিয়েছেন জামায়াতের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন শাখার আমির মোজতাহিদুল ইসলাম। এতে তিনি উল্লেখ করেন, ‘সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামী থেকে কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

‘ধাইনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী এ ধরনের সংবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে, আমাদের ইউনিয়নের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলে যোগদান করেননি।

‘প্রকৃতপক্ষে, যাঁরা যোগদান করেছেন, তাঁরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাঁদের মধ্যে মো. শাহ আলম (৫ নম্বর ওয়ার্ড) সাবেক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য ছিলেন এবং মো. মাজিদ আলী (৪ নম্বর ওয়ার্ড) দীর্ঘদিন ধরে আওয়মী লীগ কর্মী ছিলেন।’

প্রতিবাদলিপিতে মোজতাহিদুল ইসলামের দাবি, ‘আমরা মনে করি, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনমনে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

এবার বিলের ধানও ডুবল ঢলের পানিতে

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ সদস্য, আটক ৩

এক দিন পর ধর্মঘট প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক

চাঁদাবাজির দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ ও আধা ঘণ্টা সড়ক অবরোধ