চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু সামাদ ওই বাড়ির মামুন মোল্লার ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিজ বাড়ির উঠানেই খেলাধুলা করছিল শিশু সামাদ। এরপর বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু সামাদ মারা গেছে। তিনি বলেন, যেহেতু বর্ষাকাল, চারদিকে পানি, তাই পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে এবং যেসব শিশু সাঁতার জানে না, তাদের পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে।