চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় মুদি মালের আড়ালে মাদক বিক্রির অভিযোগে কবির হোসেন (৩৪) ও সামছুর রহমান (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে কাছিয়াড়া গ্রামের ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে ‘কবির স্টোর’ নামের এক মুদিদোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন ওই গ্রামের মো. আলী হোসেনের ছেলে এবং সামছুর রহমান একই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবির ও তাঁর ভাই রাকিব দীর্ঘদিন ধরে মুদিদোকানের আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন। এর আগেও তাঁরা একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ১৩টি ইয়াবা বড়িসহ কবির ও সামছুরকে আটক করা হয়। কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের দুটি মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মুদিদোকানের আড়ালে এই চক্র মাদক কারবার চালিয়ে আসছে, যার ফলে এলাকার তরুণসমাজ ক্ষতির মুখে পড়ছে। তাঁরা প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গ্রেপ্তার কবির ও সামছুর রহমানের বিরুদ্ধে নতুন করে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।